মালয়েশিয়ায় ৩৪ কারখানায় একযোগে অভিযান, বাংলাদেশিসহ আটক ৫১৯
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
মালয়েশিয়াজুড়ে বিদেশি কর্মীদের বিরুদ্ধে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ৩৪টি কারখানায় একযোগে পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫১৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ অভিযানে মোট ১ হাজার ৭০২ জনের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত এ বিশেষ অভিযানে ৫৬৯ জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন। তাঁদের সঙ্গে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও সহযোগিতা করেন।
আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের নাগরিক রয়েছেন। তাঁদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে।
অভিযানের উল্লেখযোগ্য ঘটনা ঘটে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকায়। সেখানে একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে ১৩১ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়। এ সময় ৭১ জন বিদেশি নাগরিককে আটক করেন অভিবাসন কর্মকর্তারা।
এ ছাড়া কারখানায় বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে তদন্তে সহায়তার জন্য ৪২ জন স্থানীয় নাগরিককে সাক্ষী হিসেবে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে বিদেশি কর্মীদের নিয়োগ ও কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন ও বিদেশি কর্মী নিয়োগে অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু অবৈধ বিদেশি কর্মীদের আটক করেই অভিযান শেষ করা হবে না; তাঁদের অবৈধভাবে নিয়োগ দেওয়া নিয়োগকর্তা, আশ্রয়দাতা এবং সহযোগীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগটি আরও সতর্ক করে বলেছে, বৈধ অনুমতি ছাড়া বিদেশি কর্মী নিয়োগ কিংবা অবৈধ অভিবাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন